৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল নেতা ডা. আউয়াল
ডা. তৌহিদুর রহমান আউয়াল

চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ কর্মসূচিতে অংশ নেওয়া ৫৪ দেশের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে তিনি এ দায়িত্বে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

গতকাল শনিবার পিকিং ইউনিভার্সিটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডা. আউয়ালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পেয়েছেন ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পেয়েছেন ৫ ভোট।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এর তালিকায় ১৩তম স্থানে থাকা পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতারা অংশ নিচ্ছেন। এবারের কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি রয়েছেন। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন ডা. তৌহিদুর রহমান আউয়াল।

কর্মসূচির নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে একজনকে অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এ দায়িত্ব পান ডা. আউয়াল।

অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আউয়াল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে, যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ডা. আউয়াল আরও বলেন, ‘অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন