সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা নিযুক্ত হওয়ায় ডিআরইউর অভিনন্দন

স্টাফ রিপোর্টার

সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা নিযুক্ত হওয়ায় ডিআরইউর অভিনন্দন

বিশিষ্ট সাংবাদিক, ডিআরইউর স্থায়ী এবং আজীবন সম্মাননাপ্রাপ্ত সদস্য সৈয়দ আবদাল আহমদ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিজ্ঞাপন

সোমবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদ দেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার বর্ণাঢ্য কর্মজীবন, অভিজ্ঞতা ও পেশাদারত্ব তথ্য অধিদপ্তরের কার্যক্রম আরো গতিশীল ও সমৃদ্ধ করবে। তিনি জাতীয় প্রেসক্লাবের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, ১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব (সরকারের উপসচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন। সৈয়দ আবদাল আহমদ অনুসন্ধানী রিপোর্টের জন্য ১৯৮৯ সালে মর্যদাপূর্ণ ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরস্কার এবং ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ কলমযোদ্ধা হিসেবে সরকারের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাষ্ট্র ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ডিআরইউ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করছে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন