নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রার শেষ পর্যায়ে যাত্রীচাপ কমে এলেও সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ফিরতিযাত্রা, যা নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন লঞ্চে যাত্রীদের সাথে কথা বলেন এবং লঞ্চের অভ্যন্তরে যাত্রী পরিবহনের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত যাত্রী বোঝাই প্রতিরোধে তিনি উপস্থিত থেকে কয়েকটি লঞ্চ নির্ধারিত সক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে টার্মিনাল ত্যাগের নির্দেশ প্রদান করেন।
তিনি ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষের নিরলস দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের নৌপথে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘাট পরিচালনায় নিয়োজিত সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন, যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

