খেলাফত মজলিস

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ
ছবি: সংগৃহীত

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনাকে ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাম্প্রতিক এক সার্কুলারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে জালালুদ্দীন আহমদ বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদরাসাকে আলাদা ফুটবল দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় দাখিল (৬ষ্ঠ-১০ম) শ্রেণি থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম (১ম ও ২য় বর্ষ) থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী নিয়ে দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বোর্ডে তালিকা পাঠাতে বলা হয়েছে। এটি ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের আলিয়া মাদরাসাগুলো ইসলামী আদর্শ, শরয়ী বিধান ও ধর্মীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। বাস্তবতাকে উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত জারি করা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। খেলাধুলার নামে মাদরাসার স্বাতন্ত্র্য নষ্ট করা এবং ইসলামী পরিবেশে হস্তক্ষেপ করার অপচেষ্টা দেশের ঈমানদার জনগণ মেনে নেবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, প্রশাসনের ভেতরে দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত ইসলামবিরোধী চক্র অবস্থান করছে। তারা পরিকল্পিতভাবে ইসলাম, ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশে বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই চক্র বহাল রয়েছে। ক্ষমতার পালাবদল হলেও তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়।

তিনি সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের ভেতরে থাকা এসব ইসলামবিরোধী উপাদানকে দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে। অন্যথায় এসব উসকানিমূলক সিদ্ধান্তের কারণে জনগণ ও সরকারের মধ্যে অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি হবে এবং তার দায় সরকারকেই নিতে হবে।

বিবৃতিতে তিনি অবিলম্বে বিতর্কিত এই সার্কুলার প্রত্যাহার, মাদরাসার ওপর সিদ্ধান্তের চাপ বন্ধ করা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন