রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে

ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করুন: আলী রীয়াজ

ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করুন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার জাতীয় সংসদের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবলমাত্র শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আপনারা যারা আজ আমাদের সাথে কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সাথে কথা বলুন কি করে আমরা এক জায়গায় আসতে পারি।

জাতীয় ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গা গুলোতে আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র এই টেবিলে বসে এখানে আলোচনা করে আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌছাতে পারবো-এটা আমরা মনে করি না। আমরা সে চেষ্টা করছি। রাজনৈতিক শক্তি হিসাবে আপনাদের উপর আমাদের এই আশা, আপনারা অন্যদের সাথে কথা বলবেন।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু পরিকল্পনার কথাা জানান কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করতে চান বলেও মন্তব্য করেন আলী রীয়াজ।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, বাংলাদেশ গভীর অন্ধকারের পতিত হয়েছিল। একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পদতলে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ যখন আশাহত, সেই সময় তরুণদের অভ্যুত্থানের ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়েছেন। তারই ফলে আমরা এখানে সমবেত হয়ে (সংলাপ) বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন