প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার সকালে এ আই জি মিডিয়া ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইনামুল হক সাগর জানন, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে এমন অভিযোগ পাওয়া গেছে। প্রতারকচক্র যাত্রীদেরকে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদেরকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিকট ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী হতে সজাগ ও সতর্ক থাকতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।
এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদেরকে পথিমধ্যে থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না উঠার অনুরোধ জানাচ্ছে হচ্ছে। তাছাড়া যাত্রাপথে অপরিচিত কোন ব্যক্তির নিকট হতে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন। আপনার আশেপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।
বাংলাদেশ পুলিশ সংঘবদ্ধ অপরাধী ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

