উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতিনির্ধারণী (পলিসি মেকিং) কার্যক্রম এবং গবেষণা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
সোমবার দুপুরে বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে শিক্ষণ কার্যক্রমে গুণগতমান নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।
সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্যরা। এ সময় ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর মানোন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


