বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয়ের বিকল্প নেই : প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয়ের বিকল্প নেই’

বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস গঠন ও কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে এ কথা বলেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন

এছাড়া বিচার বিভাগ সংস্কারের ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন বাংলাদেশে ন্যায়বিচারের অন্যতম অন্তরায়। ন্যায়বিচার রক্ষায় কার্যকর ভূমিকা যাতে রাখতে পারেন সে জন্য প্রসিকিউটরদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে স্বাগত বক্তৃতায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপকে যুগোপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশের বিচার বিভাগের জন্য ঐতিহাসিক এই মুহূর্তে বিচার বিভাগের আধুনিকায়নে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

রাজশাহীর গ্রান্ড রিভার ভিউ হোটেলে সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম। সেমিনারে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন