ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর সংস্কার কাজের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পক্ষে মহাপরিচালক জহাং গুনবিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নিদেশনার আলোকে মুক্তারপুর সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটির সংস্কার চীনের অর্থায়নে সম্পন্ন হবে। চুক্তির মাধ্যমে সেতুটির সংস্কার সম্পন্ন হলে দ্রুত ও নির্বিঘ্নে যানবাহনগুলো উক্ত সেতু দিয়ে চলাচল করতে পারবে এবং জনজীবনের দুর্ভোগ লাঘব হবে।
এ সময় সেতু বিভাগ,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা এবং চীনা দূতাবাস ও উক্ত সেতু সংস্কার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

