পানিসম্পদমন্ত্রীর ৩২ লাখ টাকার গরু নিয়ে তোলপাড়, জবাব দিলেন ছেলে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পানিসম্পদমন্ত্রীর ৩২ লাখ টাকার গরু নিয়ে তোলপাড়, জবাব দিলেন ছেলে

ঈদুল আজহাকে সামনে রেখে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যেই মন্ত্রীর পক্ষে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বার্ষিক বেতন যদি ৪২ লাখ টাকা হয়, তাহলে সেখান থেকে ৩২ লাখ টাকা গরু কেনায় ব্যয় করলে তার পরিবারের বাকি খরচ কীভাবে চলে সেটি দেশের মানুষ জানতে চায়। তিনি এ ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে একইদিন বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী দাবি করেন, তার বাবা ও চাচারা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য ৬ থেকে ৮টি গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারো তারা ৬টি গরু কিনেছেন।

পোস্টে তিনি আরো লেখেন, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার মুখে পড়বে? নাকি কেবল মন্ত্রী হওয়ার কারণেই তিনি বট বাহিনীর মিথ্যাচারের শিকার হচ্ছেন?

তিনি দাবি করেন, কেনা গরুগুলো মূলত গরিব মানুষের জন্য কোরবানির উদ্দেশ্যে দেওয়া হবে এবং মানুষের হক মানুষের কাছেই পৌঁছে যাবে।

এর আগে সম্প্রতি গরুর হাটে গিয়ে ৩২ লাখ টাকা ব্যয়ে গরু কেনার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এরপরই বাবার সমালোচকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...