বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা
সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। সেখানে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশই একমত হয়েছে।

সংখ্যালঘু নির্যাতনের কল্পিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি এও স্মরণ করিয়ে দিয়েছি যে, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত।

পররাষ্ট্র সচিব বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ।

এসময় ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান পররাষ্ট্র সচিব। বিক্রম মিশ্রি জানান, ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের প্রত্যয়ের কথা জানান।

তিনি বলেন, আমরা বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে যখন যে সরকার থাকবে আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন