আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

স্টাফ রিপোর্টার, সাভার

নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের নামে থাকা একটি বাড়িসহ ১৮টি ফ্ল্যাট, ছয়টি প্লট ও বিপুল পরিমাণ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। দুদকের পক্ষে পৃথকভাবে এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, নাফিজ সারাফাতের নামে গুলশানে ২০ তলা বাড়ি, গুলশানের ফ্ল্যাট, ঢাকা ক্যান্টনমেন্ট বাজারে চারটি ফ্ল্যাট, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকার ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে দুটি প্লট, বাড্ডার কাঁঠালদিয়ায় আড়াই কাঠার প্লট, গাজীপুরের কালিয়াকৈরে ১০ কাঠা করে ২০ কাঠা জমি, গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ জমি, নিকুঞ্জের জোয়ার সাহারায় ৪ দশমিক ৯৫ শতাংশ জমি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সাড়ে সাত কাঠার প্লট রয়েছে।

নাফিজের স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়ি, পান্থপথে ফ্ল্যাট, গুলশান লিংক রোডে ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট, শাহজাদপুরে একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডায় আড়াই কাঠা জমি ও গাজীপুরে ৮ দশমিক ২৫ শতাংশ জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, নাফিজ সরাফাত ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চালায় দুদক। তাতে চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী ও ছেলের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। এসব স্থাবর সম্পত্তি জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় বেহাত হওয়ার আগেই ক্রোক করা আবশ্যক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন