রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দলের সমর্থন না পেলে ইসির সব ধরনের উদ্যোগ বিফলে পর্যবসিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধীন বক্তব্যে একথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন।

সিইসি বলেন, ‘লাগসই একটা অপশন আমরা চালু করতে চাই। আপনাদের সমর্থন চাই। ছোট পরিসরে হলেও যাত্রা শুরু করতে চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলি।’

শুরতে সিইসি বলেন, ‘আজ আমাদের জন্য স্মরণীয় দিন। ইসির এ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেয়ায় সম্মানিত বোধ করছি। আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি, নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়।’

দল, গণমাধ্যমসহ সবার আগ্রহ ও সমর্থনের কথা তুলে ধরে সিইসি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।’

তিনি জানান, বরাবরই ভোটের ব্যবস্থার দাবি জানিয়েছেন প্রবাসীরা। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার।

‘আমরা প্রথম প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি। লাগসই অপশন যেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।’ দেশের আর্থ সামাজিক, রাজনৈতিক বাস্তবতা, লেভেল অব এডুকেশন-সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় বলে উল্লেখ করেন সিইসি।

তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েকমাস ধরে। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা, সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কি করছি, তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী, তা শেয়ার করতে চাই।’ অংশীজনের মূল্যবান পরামর্শ পেলে তা বিবেচনার আশ্বাস দেন সিইসি।

‘কারণ, এ সব কাজে প্রবাসী ভোটিং যে সিম্পলিসিটি, আইন কানুন পরিবর্তন, কম খরচ ও মানুষের বিশ্বাস নিশ্চিত করে আমাদেরকে আগাতে হবে।’ বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে ইসির কাজ জাতিকে অবহিত করা হবে বলে জানান তিনি। সেমিনারে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তীতে লিখিতভাবেও মতামত দেয়ার আহ্বান জানান সিইসি।

দলের যারা আছেন

এ সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২১ দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলামের খানের নেতৃত্বে ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স অংশ নেন। অনিবন্ধিত দলের মধ্যে জামায়াতের অ্যাডভোকেট জসিম উদ্দিন, মতিউর রহমান আকন্দসহ তিন সদস্যের প্রতিনিধি দল। এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এছাড়া নিবন্ধিত দলেল মধ্যে— এলডিপি, সিপিবি, জেএসডি, বাংলাদেশ মুসলীম লীগ, এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিত, সাংস্কৃতিক মুক্তিজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাসদ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিসহ গণমাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং-এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে, আর্থিক সংস্থান ও পাইলটিংয়ের পরামর্শগুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন