দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।
তিনি বলেন, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার কোনো অপচেষ্টাই গ্রহণযোগ্য নয়। আন্দোলন করে সরকার গঠন করা যায় না; সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হলো নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নতুন সরকার নির্বাচন করবে।
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘আন্দোলন করে কি সরকার হতে পারে? সরকার গঠনের একমাত্র পথ হলো নির্বাচন। যারা আন্দোলনের নামে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে—দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।’
নূরুল ইসলাম মনি আরো বলেন, ‘আমরা চাই দেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল ভোগ করবে। আর সরকার যদি ভালো কাজ করতে না পারে, তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত নেবে। দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা নিশ্চিত করতে হবে।’
রাজনৈতিক বিভাজনের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে ক্রমাগত বিরোধ ও সংঘাত তৈরি করলে তৃতীয় পক্ষ সেই সুযোগ নেবে। আমরা নিজেরা ঝগড়া-বিবাদে জড়ালে লাভবান হবে কারা? যারা আমাদের বিভক্ত দেখতে চায়, কেবল তারাই লাভবান হবে। দুই ভাই যখন নিজেদের মধ্যে ঝগড়া করে, তখন পাশের বাড়ির লোক সালিশের অছিলায় এসে দুজনের সম্পত্তিই কবজা করার ফন্দি আঁটে।’
তিনি আরো বলেন, ‘দেশটা যদি ধ্বংস হয়ে যায়, তবে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী জবাব দেব? গত ৫৪ বছরে আমরা বহুবার নিজেদের মধ্যে অর্থহীন দ্বন্দ্বে জড়িয়েছি। এখন আর পেছনের দিকে তাকানোর সুযোগ নেই; এখন দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


