রাজধানী কদমতলীর শীর্ষ চাঁদাবাজ আশিকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজধানী কদমতলীর শীর্ষ চাঁদাবাজ আশিকসহ গ্রেপ্তার ২

রাজধানীর শ্যামপুর কদমতলী ফুটপাতের শীর্ষ চাঁদাবাজ আশিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। অন্যজন হলেন- দক্ষিণ শাহজাহানপুরের ফুটপাতের শীর্ষ চাঁদাবাজ খলিল শিকদার। এরমধ্যে আশিক ছয় মামলার পলাতক আসামি বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার কদমতলীর বিক্রমপুর প্লাজার সামনে এবং দক্ষিণ শাহজাহানপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশিক ও তার ৪/৫ জন সহযোগী মিলে গত ১ অক্টোবরে বিক্রমপুর প্লাজার সামনে এক ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ওই দোকানদারও তাদের কথা মতো চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। এছাড়াও গত ১৩ জানুয়ারি দুপুরে আশিক ও তার সহযোগীরা ফলের দোকানে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা ফলের দোকানিকে মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

অপরদিকে শাহজাহানপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ খলিল শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে এক ব্যক্তি ভয়-ভীতি প্রদর্শন করে স্থানীয় ফুটপাতের দোকানদারদের নিকট থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করার সময় খলিল শিকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৩৮০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত খলিলসহ তার সহযোগীরা বেশ কিছুদিন যাবত স্থানীয় ফুটপাতের বিভিন্ন ভাতের হোটেল হতে দৈনিক ২০০ টাকা এবং চায়ের দোকান হতে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খলিলসহ তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন