দুদকের আরো এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

দুদকের আরো এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আরো এক উপ-পরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত আদেশে জানা যায়, কমলেশ মন্ডলকে অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুদক জানায়, কমলেশ মন্ডল দায়িত্ব পালনের সময়ে ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যান্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র জানায়, ওই অভিযোগের বিষয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এ্রপ্রিল পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা ও সময় বৃদ্ধির আবেদন না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ জুলাই কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন