পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অসচ্ছল ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে অসচ্ছল মানুষের কথা বিবেচনা করে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর পক্ষ থেকে ২০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে মোট ৫০০টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

