আরেকটি চিঠি পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা

শুল্ক ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

শুল্ক ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সময়ের মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিসে (ইউএসটিআর) আরেকটি চিঠি পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

রোববার অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বিশেষ বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে ও নেবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তার কৌশলগুলো তুলে ধরা হবে। চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেস-বান্ধব হবে, বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব কান্ট্রি আছে, তাদের চেয়ে আমরা আরো বিজনেস-বান্ধব হব, যাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য উইন-উইন সিচুয়েশন হয় এবং আমাদের জন্য মার্কেট এক্সেসটা যেন আরো বৃদ্ধি পায়।

এর আগে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, ফারুক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন