বগুড়া ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক উত্থাপিত এ আইনের মূল উদ্দেশ হলো এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করা।
এ আইনের অধীন বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে।
এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক-প্রকাশসহ বিধিবদ্ধ উপায়ে মহাপরিকল্পনা থেকে স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক কাঠামো প্রস্তুত করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া কোনো নির্মাণকাজ বা প্রকল্প গ্রহণ করা যাবে না।
এ ছাড়া নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ এবং ন্যূনতম ৬০ শতাংশ জমির মালিকের সম্মতিতে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়ন-এর মতো আধুনিক কৌশল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানের পাশাপাশি কর্তৃপক্ষের নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণগ্রহণ ও নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

