রুহুল কবির রিজভী

গাড়িতে আগুন ও মানুষ হত্যা রাজনৈতিক দলের কাজ নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ

গাড়িতে আগুন ও মানুষ হত্যা রাজনৈতিক দলের কাজ নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গাড়িতে আগুন দেওয়া কিংবা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। যারা এসব কর্মকাণ্ড চালায়, তারা সন্ত্রাসী সংগঠন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, একসময় গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয়েছে। এরপর দেশে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে।

এ প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন রিজভী।

সারা দেশে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে রাস্তাঘাটে প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত থেকে এই বাহিনীকে ইন্ধন দেওয়া হচ্ছে। দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কাহিনি বড় করে তুলে ধরা হয়েছে। এতে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান খাটো করে দেখানো হয়েছিল।

নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।

বক্তব্য শেষে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...