ভারতে পলাতক শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আদালত বুঝবে। তখন আপিলের ব্যবস্থা বা শুনানি হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকরা শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে ওই দেশের সঙ্গে যে চুক্তি আছে, আমরা সেটার আওতায় অবশ্যই তাকে ফিরিয়ে আনব।
মন্ত্রী বলেন, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারত সরকারকে পত্র দিয়েছি। আমরা তাগাদা দিচ্ছি। আমরা তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই। ইতোমধ্যে তিনি যেহেতু সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালত থেকে তার বিষয়ে কী আদেশ হয়েছে, সেটা আইন আদালত বলবে।
তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে। তখন আপিলের ব্যবস্থা বা আপিলের শুনানি হবে। আর এই যে অভ্যুত্থানের ঘটনা আমরা দেখছি, সেটার সঙ্গে কীভাবে দেখছেন, জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

