মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বৃহস্পতিবার। ‘আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি’এই প্রতিপাদ্যে এবারের দিবস পালিত হচ্ছে এবার। এ উপলক্ষে বুধবার বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাণীতে ড. ইউনূস বলেন, জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
মাদকের পাচার ও অপব্যবহার একটি বহুমুখী ও জটিল সমস্যা। আমাদের যুবসমাজের উল্লেখযোগ্য অংশ মাদকের কবলে পড়ে মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলছে। মাদকের অপব্যবহারের কারণে জনস্বাস্থ্য ও অর্থনীতিসহ জীবনঘনিষ্ঠ বিভিন্ন উপাদান এবং সূচকের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। বিঘ্নিত হচ্ছে দেশের শান্তি ও নিরাপত্তা।
তিনি আরো বলেন, বাংলাদেশে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এবং মাঠ প্রশাসনকে সম্মিলিতভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। মাদক নির্মূলে গণসচেতনতা ও জনসম্পৃক্ততারও প্রয়োজন রয়েছে।
মাদক সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী, চিকিৎসক, সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

