একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির প্রভুত্ব মেনে এ দেশের জনগণ বাংলাদেশে বাস করবে না।
বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘এই একাত্তরের পরাজিত শত্রুদের কথা শুনবেন না। তারা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে। যারা আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করেছে এবং দেশের অর্থ লুটপাট করেছে, সেই ফ্যাসিস্টদের সাথেই তারা এখন একাকার হয়েছে।’
ষড়যন্ত্রের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘ওইদিকে ভারত থেকে হুংকার দেওয়া হচ্ছে যে ডিসেম্বরে উনি দেশে ঢুকবেন। আর এইদিক থেকে উনারা বলছেন ডিসেম্বরে সরকারের পতন ঘটাবেন। কার্যত দুই অপশক্তি আজ একত্রিত হয়েছে—একটি একাত্তরের পরাজিত রাজাকার এবং অপরটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সকল নেতাকর্মী ও নেতৃত্ব সজাগ এবং সাবধান রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালে এ দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। তাই ভারতের কোনো ধরনের প্রভুত্ব মেনে বাংলার জনগণ কখনোই এই বাংলাদেশে বাস করবে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


