নৌ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

ঈদযাত্রায় নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা
ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নৌযানের ফিটনেস ও রুট পারমিটসহ যাবতীয় কাগজপত্র ঠিক রেখে চলাচল নিশ্চিত করতে হবে এবং মনিটরিংয়ে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নৌ প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে নৌপথ সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে স্বীকৃত। বাংলাদেশেও বড় ধরনের নৌ-দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট অধিদপ্তরকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি অভিযোগ করেন, অনেক সময় জাহাজ পরিদর্শনের সময় কৃত্রিমভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়, যা পরবর্তীতে তদারকি করা হয় না। কর্মকর্তাদের নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনের নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্ষায় নদী উত্তাল থাকায় কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ নৌযান চালানো যাবে না।

ঈদ উপলক্ষে ছোট ছোট নৌপথে ফিটনেসবিহীন ট্রলার ও স্পিডবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামান্য সময় বাঁচাতে গিয়ে মানুষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। নদী সংকুচিত হওয়া ও চর জেগে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক নৌযান চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী প্রমুখ।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন