বিসিএস জট কমাতে পিএসসির রোডম্যাপ

বিসিএস জট কমাতে পিএসসির রোডম্যাপ

চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি ২০২৫ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে তিনটি বিসিএস-এর (৪৪তম, ৪৫তম এবং ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এই লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রদান করবে। মঙ্গলবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএস-এর লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোন প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয়, সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএস-কে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে।

২৭ মে বিশেষ বিসিএস-এর গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ২০২৫ খ্রিস্টাব্দে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএস-এর (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। ওই বিসিএস-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।

বিশেষভাবে উল্লেখ্য যে, নিয়মিত বিসিএস-এর বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন