৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, থাকবে ছুটি ঘোষণা

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, থাকবে ছুটি ঘোষণা

গেলো বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী হিসেবে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। প্রতিবছর জাতীয় দিবস হিসেবে ওই দিন সাধারণ ছুটি থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৯ জন সদস্যের বিশেষ বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস হবে। সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, ৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। ওই দিন সাধারণ ছুটি থাকবে।

অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে রাষ্ট্রীয় কর্মসূচি শুরু হবে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এর উদ্দেশ্য হচ্ছে, জুলাই আগস্টের আন্দোলনে পুরো বাংলাদেশ যেরকম এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এসব বিষয়ে আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত জানাবে বলেও জানান তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, যার নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে, আগে যখন টেলিভিশনগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির ইডিওলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। এখন লাইসেন্সগুলো কীভাবে দেওয়া হয়েছে, সেটি তারা তদন্ত করবে। সামনে আরো যদি টিভি লাইসেন্স দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে সেগুলো উনারা পর্যালোচনা করবেন।

জুলাই ঘোষণাপত্রের জন্য একটি কমিটি হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, জুলাই প্রক্লেমেশন (ঘোষণাপত্র) ছাত্র-জনতার একটা দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে ৫ আগস্টের আগে দেওয়া যায়, সে জন্য একটা কমিটি করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। কমিটি শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলো ও সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত জুলাই ঘোষণাপত্র তৈরি করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন