দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির অন্তত ৭২টি শাখা হামলার শিকার হয়েছে। এর মধ্যে গতকাল ভোরেই ২৯টি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কোথাও পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ, কোথাও পেট্রোল-কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম। কয়েকটি শাখা থেকে মালামাল লুটের ঘটনাও ঘটেছে।
একটি আর্থিক প্রতিষ্ঠানের এতগুলো শাখায় ধারাবাহিক হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গাজীপুর, ফরিদপুর, শেরপুর, নরসিংদী, জামালপুর, যশোর, রাজশাহী, নেত্রকোনা, পাবনা, নারায়ণগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, গাইবান্ধা, খুলনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, শেরপুর, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, পটুয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের উপবিভাগীয় প্রধান রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে একযোগে ব্যাংকের ২৯টি শাখায় হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল বা ভ্যানে এসে শাখাগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কোথাও জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ফাইলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথাও সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। আবার কোথাও পিকআপ ভ্যানে এসে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গ্রামীণ ব্যাংকেএসব ঘটনায় ব্যাংকের মূল্যবান আসবাবপত্র, ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। কোথাও কোথাও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
বিভিন্ন শাখায় হামলা-অগ্নিসংযোগ
টাঙ্গাইলের বাসাইলে বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে দ্বিতীয় তলায় থাকা কর্মকর্তাদের ডেকে আনেন। পরে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন
দেওয়া হয়। ব্যাংকের নৈশপ্রহরী হরি দাশ বর্মণ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
বগুড়ার ধুনটে বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, ওই সময় তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ করছিলেন। দুই নারী ফিল্ড অফিসার কাজ শেষে বের হওয়ার সময় চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান। পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরে নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নরসিংদীর রায়পুরায় বুধবার রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়। এতে কিছু আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুড়েছে নথিপত্র, লুট হয়েছে মালামাল
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রতিবেদনে বিভিন্ন শাখায় হামলা ও ক্ষয়ক্ষতির বিবরণ উঠে এসেছে। জানা গেছে, গত ১০ নভেম্বর শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা-অগ্নিসংযোগ শুরু হয়। পরবর্তী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকে।
১৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় দ্বিতীয় দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে শাখাটির প্রায় সবকিছু পুড়ে যায় বলে গ্রামীণ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই শাখায় দ্বিতীয়বার হামলার ঘটনাটি ছিল বিশেষভাবে উদ্বেগজনক।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ১০ নভেম্বর ওই শাখায় আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। সেই মামলার এক এসআইকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। দ্বিতীয় দফার হামলার সময় দুর্বৃত্তরা শাখাটি ঘেরাও করে রাখে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেয়নি।
গোপালগঞ্জের উলপুর শাখায় অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর এবং হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই জেলার বৌলতলী শাখার নিচতলায় আগুন দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলার কাশিয়ানী ও রাতইল শাখায় অফিসের তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, কালেকশন শিট ও চেয়ার বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বেশ কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।
পাবনার দোগাছী শাখায় চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে অফিসের সাইনবোর্ড, চেয়ার, ফাইল ও কালেকশন শিট পুড়ে যায়। চট্টগ্রামের আনোয়ারার বারখাইন শাখায় অগ্নিসংযোগে কালেকশন শিটের ব্যাগ এবং ২০ থেকে ২৫টি পাসবই পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ায় চেয়ার ও ক্যাশ বহনের ব্যাগ পুড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর হামলার ঘটনা আরো বিস্তৃত হয়েছে। এ দুদিনে বিভিন্ন জেলার একাধিক শাখা ও কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া এবং অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে এসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রতিবেদনে এসব ঘটনাকে ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিবেদনটি ব্যবস্থাপনা পরিচালকের কাছে উপস্থাপন এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে দেশের তফসিলি ও অতফসিলি ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ব্যাংক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে।
তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হামলা হলে শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয় না, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপরও। কারণ গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সম্পদ ব্যাংকে জমা রাখেন। ফলে কোনো শাখায় হামলা, অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা আমানতকারীদের মধ্যে আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে এ ধরনের হামলার শিকার না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






