প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নতুন বাজারে দৃষ্টি রাখা হচ্ছে। এজন্য জনশক্তি রপ্তানিখাতে দক্ষ কর্মী তৈরিতে মনোযোগ দিচ্ছে সরকার। সেক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়নে কাজ চলছে।
বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওকাপ আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়া শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে। তবে ‘সিন্ডিকেটে’ বলেন বা ‘ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম’ বলেন, তাদের কন্ডিশনে যদি আমরা গ্রহণ না করি তাহলে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে। তবে আমাদের মন্ত্রী কিছুদিন আগে মিটিং করেছেন। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি তোমাদের কন্ডিশনে যে ৪২৩টা লাইসেন্স দিয়েছি সবার জন্য তা ওপেন করে দাও। কারণ ওই কন্ডিশনে তারা পাশ করেছে। এইটা নিয়ে এখনো আমাদের দেন দরবার চলছে। জানিনা এটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারব।
নুরুল হক বলেন, আমাদের দেশ ওভার পপুলেটেড কান্ট্রি। যদি আপনি কর্মসংস্থান না করতে পারেন; সেটা দেশে কিংবা বিদেশে হোক, তাহলে আবার এখানে একটা নৈরাজ্য তৈরি হবে। মানুষের মধ্যে সামাজিক অবক্ষয়সহ নানান ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের দেশীয় কর্মসংস্থান এবং বিদেশে একটা কর্মসংস্থানের কথা ভাবতে হয়। যার ফলে আমরা এখন দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি।
টিটিসি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের টিটিসিগুলোতে প্রায় ৫৮টা ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে হয়ত ১০৪টা প্রতিষ্ঠানের সবগুলোতে এক রকমের সুযোগ সুবিধা নেই। আমরা এটা চিহ্নিত করে অলরেডি ডিজিকে পাঠিয়েছি। সেখানে বলা হয়েছে যেখানে যে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আমাদের জানানোর জন্য। ফলে আমরা আমরা এই বাজেটে আমরা অর্থ চাইব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ড দূতাবাসের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার, আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বিলস’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ওকাপ নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওকাপ চেয়ারপারসন শাকিরুল ইসলাম।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

