আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার

আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের আরও চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জন অতিরিক্ত পুলিশ সুপার এবং দু’জন সহকারি পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকেও বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ২০১৮ সালের সরকারি চাকরি ২(চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাকেও ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পলাতক রয়েছেন। ওই দিন থেকে আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন