কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার, পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক আত্মসাৎ এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) গত ২১ জুলাই ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে মো. রুবেলকে (২৯) গ্রেপ্তার করে। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারী স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সময় সেখানকার কর্মী রুবেলের সঙ্গে পরিচিত হন। রুবেল তাকে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান এবং প্রথমে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেন। সেই টাকা ও ভুক্তভোগীর পাসপোর্ট তিনি নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও অর্থ নিয়ে মোট চার লাখ টাকা হাতিয়ে নেন।
২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হলে সেখানে চক্রের অন্য সদস্যরা তার পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক নিয়ে নেয়। তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিচ্ছাকৃত কাজ করানো হয় এবং উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়। অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় ও আন্তর্জাতিক মানবিক সংস্থার সহায়তায় গত ১ জুলাই ভুক্তভোগী দেশে ফিরে আসেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। সিআইডির তদন্তে ভুক্তভোগীর দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
সিআইডি কর্মকর্তা আবু তালেব জানান, মামলার অন্যান্য অভিযুক্ত, আর্থিক লেনদেন ও বিদেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ বেতনের প্রলোভনে না পড়ে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

