দলীয় প্রভাবমুক্তভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে কোনো দলীয় প্রভাব বা দলীয় লোকের সম্পৃক্ততা থাকবে না। ফ্যামিলি কার্ড মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
আজ সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড বিতরণসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় এ নির্দেশ দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের অর্থ কোনোভাবেই যেন পরিবারের পুরুষ সদস্যের কাছে না যায়, সে বিষয়েও কঠোর নজরদারি করা হবে।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ প্রকল্প দেশের দরিদ্র পরিবারের জীবনযাপনের মানোন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং সেই স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে উত্তরণ ঘটানোই হবে বাজেটের অন্যতম চ্যালেঞ্জ।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটের সুফল যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন-২০২৬’ চূড়ান্তকরণ এবং ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

