আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন

তফসিল ঘোষণার পর নির্বাচনি সহিংসতায় নিহত ৫, আহত ৯৭০

স্টাফ রিপোর্টার

তফসিল ঘোষণার পর নির্বাচনি সহিংসতায় নিহত ৫, আহত ৯৭০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর সারা দেশে নির্বাচনি সহিংসতায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন দল এবং দলের মনোনীত প্রার্থী, বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে বিভিন্ন সংঘর্ষে ৯৭০ জনের অধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা, ১৫০টির অধিক স্থানীয় পত্রিকা এবং জেলা প্রতিনিধিদের থেকে প্রাপ্ত খবর ও তথ্য অনুসন্ধানের ভিত্তিতে তফসিল ঘোষণার পর হতে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচনি সহিংসতার তথ্য নিয়ে প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সহিংসতার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে নির্বাচনকেন্দ্রিক ১৬২ টি সহিংসতার ঘটনায় পাঁচজন নিহত এবং ৯৭০ জন আহত হয়েছে। এর মধ্যে বিএনপির ৩ জন, জামাতের ১ জন এবং ইনকিলাব মঞ্চের ১ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনি সহিংসতার ১৬২টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪০টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৩৪ জন ও নিহত ০৩ জন। এছাড়া ৫০টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫৬০ জন ও নিহত ১ জন, ২টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২ জন, ৮টি বিএনপি-এনসিপি মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩৯ জন জন এবং ৮টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩২। বিভিন্ন দলের মধ্যে ২টি ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

প্রচার-প্রচারণার সময়ে নারী সহিংসতা, হামলা, হেনস্তা, লাঞ্ছিতের ঘটনা ঘটছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত অন্তত ১২টি ঘটনায় কমপক্ষে ১৮ জন নারী হেনস্তার শিকার হয়েছেন এবং ৬ জন নারী আহত হয়েছেন। হেনস্তার শিকার এসব নারীদের মধ্যে ১৭ জন জামায়াত সমর্থক এবং ১ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক নারী রয়েছেন। তবে ১২টি হেনস্তা ও হামলার ঘটনার মধ্যে ১১টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ১টি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতার রয়েছে বলে অভিযোগ রয়েছে।

‘নির্বাচনের পূর্বে ভোটারদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে’ জানিয়ে সংগঠনের প্রতিবেদনে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে ২৫টি ঘটনায় ৩৪ জনকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শনের ১৫টি ঘটনায় বিএনপি, ১টি ঘটনায় জামাত এবং ৯টি ঘটনায় অন্যান্য দল ও প্রার্থীদের সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে ১৭টি হুমকি এবং ৮টি হামলার ঘটনা রয়েছে।

দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হেনস্তার ও হামলার বিষয়ে উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, সারাদেশে প্রচার প্রচারণার সময়ে পৃথক ১৩টি ঘটনায় ১৩ জন প্রার্থী নানাভাবে হেনস্তা, লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এইচআরএসএস’র প্রধান উপদেষ্টা ও মানবাধিকার কর্মী মো. নুর খান, সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম ও ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদিরসহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন