চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনা হচ্ছে। এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানী পাবেন। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ধরন অনুযায়ী কোন এলাকার কতটি মসজিদ এ সুবিধা পাবে, তা নির্ধারণ করেছে সরকার।
সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর শ্রেণিভেদে মসজিদ নির্বাচনের সংখ্যাও আলাদা করা হয়েছে।
‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি করে মসজিদ নির্বাচন করা হবে। ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এ কর্মসূচির আওতায় নির্বাচন করা হবে।
নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মানী পাবেন।
সম্মানীর অর্থ কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আসছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ ছাড়াও রয়েছে ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা।
এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এই সুবিধার আওতায় আসবেন।
চলতি অর্থবছরে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দিতে বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয়কে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী তিন অর্থবছরে ধাপে ধাপে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়।
চলতি অর্থবছরে ওই কর্মসূচি আরও বিস্তৃত করে ৮২ হাজার ৬৫৬টি মসজিদসহ মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মাসিক সম্মানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


