প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব-২০২৬ (USA)-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দফতরে শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন।
এসময় শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী হিসেবে তাদের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এসময় তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তাঁর নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন।
মতবিনিময়কালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।
আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে এই শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিদেশ যাত্রার আগে তাদের এই উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তাঁর মূল্যবান দিকনির্দেশনা নিতে আসেন এই শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নিজেও এই প্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।
শিক্ষার্থীরা জানান, তারা প্রজেক্ট পোসাইডন’স কোড এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের কোনো রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ-এর উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

