প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বিগত সময়ের কথিত উন্নয়নের আড়ালে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় ঘটেছে, যা দেশের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, ‘আমরা বিগত সময়ে যে উন্নয়নের গালগল্প শুনেছি, সেই উন্নয়নটা কোথায় হয়েছে? কিন্তু ফ্যাসিস্ট আমলে অনেক জায়গায় অবনতি হয়েছে। সামাজিক ও মূল্যবোধের জায়গায় অনেক অবনতি হয়েছে, যা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।’
তিনি বলেন, সরকার তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চায় এবং এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদের আরও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্যোগ জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রেস সচিব বলেন, ‘তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই আমরা। সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।’
বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

