স্বৈরাচারী সরকার এবং পরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানী না হওয়ার সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। দুঃখজনক ব্যাপার হলো অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গেছে। তবে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। হাম সনাক্তকরনের কীটের স্বল্পতা রয়েছে। সেগুলোও সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (গাজীপুর-৪) সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সালাহ উদ্দিন তার প্রশ্নে বলেন, দেশের চিকিৎসা খাতে একটি ‘ক্রুশিয়াল কোশ্চেন’। চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত ইনস্টিটিউটসহ দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে হাম শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ রয়েছে। যে কারণে হাম সনাক্তকরণে ঢাকায় পাঠাতে হচ্ছে- টিকা যথার্থ হওয়ার পরে চিহ্নিতকরণের জন্য রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়টি উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কী না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের ঘটনাটি খুবই দু:খজনক। এই সংসদে ও সংসদের বাইরে যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা সকলেই মিলে একটি স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছি। দু:খজনক সেই স্বেরাচারের সময় এবং আরো দু:খজনক হচ্ছে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম- দেশে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য- সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকা গত কয়েক বছর ধরে আমদানী করা হয়নি। স্বাভাবিকভাবে যখন এই সমস্যাটি দেখা দেয়- খুব দ্রুততার সাথে.. এখানে ইউনিসেফ বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে। তারা দ্রুত হামের টিকা পাঠিয়েছে। যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের টিকা দেবো।
হাম সনাক্তকরণ কীটের সংকটের কথা স্বীকার করে সংসদ নেতা বলেন, এটা সত্য যে, টেস্ট কীটের স্বল্পতা রয়েছে। এজন্য সরকার কাজ করছে। এরই মধ্যে অনেক কীট এসে পৌঁছেছে। কিছু কাস্টমসে আছে আমরা তা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করবো। দু:খজনক, অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গেছে। আমাদের মাঝে থেকে চলে গেছে। আমরা চেষ্টা করছি সামনে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

