নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ কারণে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক দিকনির্দেশনায় দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই নৌকা বাইচ আয়োজন করা হয়েছে করা হয়েছে।

তিনি বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতাম, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. আবদুল মঈন খান বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ ও কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন