জুলাই শহীদ হাফেজ হাসানের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই শহীদ হাফেজ হাসানের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই যোদ্ধা ও পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে ইমামতি করেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শহিদ হাসানের মায়ের ইচ্ছানুযায়ী তাকে আজ রোববার সকাল ৯টায় দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। তার মহদেহ দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন নোয়াখালী সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।

গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাকে সেদেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসানের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ২৫ বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন