অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে লন্ডনের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার লাশ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও স্মরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেন। ২০০৬ সালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন তিনি। এরপর থেকে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তৌফিক ইমরোজ খালিদীর সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল- তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা রয়েছে। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ নানা ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি। তিনি ঢাকা, লন্ডন, প্যারিস ও টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেন। ২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন খালিদী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


