জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ রয়েছেন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী আগামী ৫-৮ মে পর্যন্ত নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে।
এই ফোরামটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিএমমি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম।
সফরের প্রথম দু'দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন এবং পরের দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন।
আরিফুল হক চৌধুরী আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

