পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।
শনিবার সাভারে জেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নত ঢাকা জেলা উদ্যোগ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ কর্মসূচিতে একদিনে এক লাখ চারাগাছ রোপণ করা হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহর ও আশেপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এ পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব। ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।
উপদেষ্টা তার বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

