কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় স্বামী-স্ত্রী ঢামেক হাসপাতালে

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় স্বামী-স্ত্রী ঢামেক হাসপাতালে
ঢাকা মেডিকেল

কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যুর পর ওই পরিবারের আহত স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন—সিনহা গ্রুপের মার্চেন্ডাইজার ইসমাইল রুহুল মাসুদ (৩৫) এবং তার স্ত্রী প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মেহেরুন্নেসা মিনা (৩০)। ঢামেকে তাদের চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। আহত এই দম্পতির বাসা রাজধানীর দক্ষিণখানে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাটোয়ারটেক সৈকতসংলগ্ন ‘কাঠের টুপটুপ’ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহত ইসমাইলের চাচাতো ভাই মমিন মিয়া জানান, গত বুধবার একই পরিবারের ১০ জন কক্সবাজারে বেড়াতে গিয়ে ওই রিসোর্টে ওঠেন। তাদের মধ্যে একজন শুক্রবার ঢাকায় ফিরে আসেন। শনিবার সকালে রিসোর্টে আগুন লাগলে চার ভাগ্নি, এক ভাগ্নে ও এক নাতিসহ পরিবারের মোট ছয় সদস্য মারা যান।

তিনি আরও জানান, আগুন লাগার পর ইসমাইল ও তার স্ত্রী রিসোর্টের কাচ ভেঙে নিচে লাফিয়ে পড়েন। এতে ইসমাইল কোমরে এবং তার স্ত্রী হাত ও পায়ে আঘাত পান। আঘাতপ্রাপ্ত দুজনকে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ইসমাইলের জরুরি বিভাগে এবং তার স্ত্রী মেহেরুন্নেসার বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তবে আঘাতপ্রাপ্ত দুজনের কেউই আগুনে দগ্ধ হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন