কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো চার নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০), গাজীপুর জেলার টংগী থানা যুবলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।
ডিবি সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। এছাড়া খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

