রাষ্ট্র পরিচালনার চরিত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মৌলিক পরিবর্তন নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
শুক্রবার মহানগর জেএসডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নের সংগ্রাম এখনও চলমান। এ বাস্তবতায় কেবল ক্ষমতার পরিবর্তনকে সাফল্য হিসেবে বিবেচনা করলে চলবে না; রাষ্ট্র পরিচালনার চরিত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মৌলিক পরিবর্তন নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের তাৎপর্য কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায়ন নয়; বরং জনগণের সার্বভৌমত্ব, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে জবাবদিহিমূলক, নিরপেক্ষ ও কার্যকর রূপে পুনর্গঠন করতে না পারলে জনগণের ত্যাগ ও আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে না।
স্বপন আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় ঐকমত্য গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখা। বিভাজন ও সংঘাতের রাজনীতি নয়, বরং অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতিই বাংলাদেশকে একটি স্থিতিশীল ও মর্যাদাবান গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারে।
তিনি মনে করেন, কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের চরিত্র ও ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে।
মহানগর যুগ্ম সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.নাসিম, নুরুল আমিন, আবদুল মান্নান মুন্সি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

