বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,আকিজ এয়ার বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রতিষ্ঠানের নাম ‘আকিজ বশীর এয়ার’। যদি অনুসন্ধানী প্রতিবেদন করতে হয় তবে সেটি নিয়ে করা উচিত।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে থাকা তার দায়িত্ব নিয়ে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ আছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, এ বিষয়ে প্রচারিত প্রতিবেদনে তথ্যগত ঘাটতি আছে। বোর্ডে সচিব, এনবিআর চেয়ারম্যানসহ আরও অনেকে আছেন। কারো আত্মমর্যাদা থাকলে কোনো কনফ্লিক্ট হয় না।
অনুষ্ঠানে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি খাতে নৈরাজ্য চলছে অভিযোগ করে শেখ বশিরউদ্দীন বলেন, যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদের নিয়ে অনুসন্ধান করা উচিত। অপতথ্য ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু প্রতারণার কাঠামো করা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।
তিনি প্রতিশ্রুতি দেন, এভিয়েশন খাতে প্রতারণার তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, নীতিমালার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হলে খাতটি আরও সুশৃঙ্খল হবে।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত থার্ড টার্মিনাল চালুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা।
তিনি আরো বলেন, ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এটি চালু করতে কাজ করছি। তবে এখনো বিদেশি নির্মাণ কোম্পানি টার্মিনাল হস্তান্তর করেনি। তাই নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


