ফ্যামিলি কার্ড প্রতিটি অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম৷
বুধবার কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷
ডিসি ফরিদা খানম বলেন, বর্তমান সরকারের অন্যতম দূরদর্শী অঙ্গীকার হলো— “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।” এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে।
তিনি বলেন, আজকের এই তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এটি শুধু একটি কার্ড বিতরণ কার্যক্রম নয়; বরং এটি সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন যাত্রা।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এই বিচ্ছিন্ন সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার ভিত্তি তৈরি করছে। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা আর কেবল অনুদানভিত্তিক ব্যবস্থা নয়; বরং নাগরিকের ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র হিসেবে গড়ে উঠবে, যার মাধ্যমে একজন নাগরিক বিভিন্ন সামাজিক সেবা ও সরকারি সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, আমি মনে করি, “ফ্যামিলি কার্ড প্রতিটি অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে”।
প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। এই কার্ডের মাধ্যমে আপনারা যেন খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারেন—সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

