আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবার পথ ধরে মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

আমার দেশ অনলাইন

বাবার পথ ধরে মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে বিএনপি ও তার মিত্র দলগুলো।

মঙ্গলবার বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় বাবার দেখানো পথে প্রতিমন্ত্রী হয়েছেন অন্তত সাতজন।

বিজ্ঞাপন

যশোর-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির একসময়ের স্থায়ী কমিটির সদস্য এবং প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে।

অমিতের মতো তার বাবাও একই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি।

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ২০ হাজার ৯০৯ ভোট।

শামা ওবায়েদ মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে এই আসনকেন্দ্রিক রাজনীতি করে আসছেন। কেএম ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।

ইশরাক অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খোকা নিজেও ঢাকার একাধিক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন; ছিলেন মন্ত্রীও।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের আংশিক) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনিও এবারই প্রথম সংসদ নির্বাচন করেছেন। ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট।

তিনি বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বিএনপির মনোনয়নে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এবারই প্রথম সংসদ নির্বাচন করেছেন। ফারজানা শারমিন পুতুল প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা থেকে এবার একই সঙ্গে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মামা ও ভাগনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে ড. এম এ মুহিত। তিনি ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। অন্য দিকে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন