শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে গতকাল সোমবার রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোয় ছিল হিন্দু সম্প্রদায়ের ভিড়। এদিন শুভবোধ জাগ্রত ও সাত জনমের পাপ মোচনের প্রত্যাশা নিয়ে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী পূজায় অংশ নেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে এই পূজা সম্পন্ন হয়। মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় ও উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী পূজা পরিচালনা করেন।
গতকাল বেলা ১১টার পর ভক্তরা দেবীদুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। এর আগে আরতির পর দেবীর পদজলে উপবাস ভেঙে প্রার্থনা করেন ভক্তরা। মহাসপ্তমীর আয়োজনে আরো ছিল কল্পারম্ভ ও বিহিত পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, সপ্তমীতে পূজা দিলে সাত জনমের পাপ মোচন হয়ে যায়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্ম দাশ চট্টোপাধ্যায় বলেন, সপ্তমীতে পূজা দিলে সপ্ত জনমের, মানে সাত জনমের পাপ মোচন হয়ে যায়। আর অষ্টমীতে অষ্ট মঙ্গল লাভ করা হয়। নবমীতে পূর্ণপূজার পর দশমীতে দেবী অপরাজিতা হন। দশমীতে দেবীকে বিদায় জানানোর বেদনাও জেগে ওঠে।
পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের তৃতীয় দিনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী। এর প্রধান আকর্ষণ কুমারী পূজা। এ দিন রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে বড় পরিসরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়।
ঢাকার রামকৃষ্ণ মঠের স্বামী অম্বেশানন্দ সন্ন্যাসী বলেন, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মহাষ্টমী পূজা শুরু হবে। সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি। আর বেলা ১১টায় কুমারী পূজা শুরু হবে। পূজা শেষে দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হবে। এরপর সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সন্ধিপূজা শুরু হয়ে রাত ৭টা ১ মিনিটের মধ্যে পূজা শেষ হবে। ঢাকার বাইরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য শাখায়ও মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য কাজল দেবনাথ বলেন, আমাদের সবার প্রত্যাশাÑঅশুভ শক্তির যেন দমন হয়, শুভ শক্তির জয় হয়। অশুভ শক্তি আমাদের সবার মধ্যেই থাকে, আবার শুভ শক্তিও থাকে সবার মধ্যে। অশুভর যেন জয় না হয়, শুভশক্তির যেন জয় হয়Ñএটাই আমাদের সবার প্রত্যাশা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


