ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাবে সাংবাদিকদের ভূমিকা প্রশংসাযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাবে সাংবাদিকদের ভূমিকা প্রশংসাযোগ্য’

ভারতীয় মিডিয়ার অপপ্রচার রোধে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে অনেক আজেবাজে কথা বলতো বা অপপ্রচার করতো। আপনারা সঠিক সংবাদ পরিবেশন করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ভালো জবাব দিয়েছেন। আপনাদের সঠিক ও সময়োপযোগী ভূমিকা রাখার কারণে তাদের অপপ্রচার অনেকটা বন্ধ হয়েছে। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ। এ বিপুল সদস্যের আনসার বাহিনীকে আরো প্রশিক্ষিত করে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানো হবে। তাদের প্রশিক্ষণেও বৈচিত্র্য আনা হচ্ছে। মৌলিক অস্ত্র চালানো প্রশিক্ষণ-সহ সবাইকে বিভিন্ন কর্মমুখী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের সংকটময় সময়ে তাদের সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে। এক্ষেত্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-সহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কেন্দ্রের সহায়তা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আনসার সদস্যরা রাষ্ট্রের যেকোনো সংকট ও দুর্যোগে অন্যতম মুখ্য ভূমিকা পালন করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান, নির্বাচনি দায়িত্ব পালন, কেপিআই স্থাপনার সুরক্ষা-সহ দেশ সেবায় আনসার সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে। আনসার সদস্যদের সুযোগ-সুবিধার কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সেগুলোর সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে অঙ্গীভূত আনসাররা ৩ বছর চাকরির পর ৬ মাসের জন্য যে বিশ্রামে যেতে হতো বা কর্মহীন হয়ে যেতো সে প্রথা অর্থাৎ রেস্ট প্রথা বাতিল করা হয়েছে।

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: