‘তারা’ এবং ‘ওরা’ আবার একসাথে: প্রধানমন্ত্রী

‘তারা’ এবং ‘ওরা’ আবার একসাথে: প্রধানমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারী শক্তি এবং নেপথ্যে সক্রিয় থাকা গুপ্ত মহল আবার একজোট হয়ে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যে স্বৈরাচার বিগত ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং নেপথ্যের গুপ্ত বাহিনী এখন আবারও একজোট হয়েছে। তাদের এই জোট নতুন কিছু নয় উল্লেখ করে তিনি দাবি করেন, ১৯৯১ সাল, ১৯৮৬ সাল এমনকি বিগত নির্বাচনগুলোতেও তারা গোপনে ও তলে তলে একসঙ্গেই কাজ করেছে। সে কারণেই তাদের মূলত গুপ্ত বলা হয়।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, একটি মহল নির্বাচনের আগে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রির মতো বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছে, যা সরাসরি শিরকের শামিল ও মুনাফেকি আচরণ। এখন তারাই তথাকথিত ‘এক দফা’র আওয়াজ তুলে দেশের উন্নয়ন ও সংস্কার কর্মসূচিকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে।

তিনি সরকারের জনকল্যাণমুখী উদ্যোগগুলোর চিত্র তুলে ধরে বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা কার্যকর করেছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচসুবিধা বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল ও নদী খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীতকরণ এবং ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে।

তিনি আরো উল্লেখ করেন, স্বৈরাচারের আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচি ব্যাহত করতেই ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন